টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটকরা হলেন- সাবরাং করাচিপাড়ার জাহেদ হোসেনের ছেলে মো. জায়েদ ও পানছড়ি পাড়ার আব্দুল আলমের ছেলে সোহেল। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত প্রদান করলে, মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান লে. কমান্ডার সাব্বির আলম সুজন।