টেকনাফে দুই বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ২৩৩ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউ আটক হয়নি। বুধবার (১৯ আগস্ট) নাফ নদী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি এসভিডি দ্রাগুনভ রাইফেল ও একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন রয়েছে।

বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে এমন খবর পেয়ে টেকনাফের নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এসময় সন্দেহজনক একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে নৌকাটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চোরাচালান চক্রের সদস্যরা নৌকাটি ফেলে পালিয়ে যান। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে জালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা নৌকার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত