সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের অভিযোগে আরমান উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালিয়াইষ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। 

দণ্ডপ্রাপ্ত আরমান উদ্দিন কালিয়াইষ ইউনিয়নের মোজাফ্ফর আহামদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় আরমান উদ্দিনকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ‘মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। এর বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’