গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নুর আলম (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এরআগে সকালে নওগাঁ মরাপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মাফুজার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত (৩০ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর নওগাঁ মরাপুকুর এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলার তিন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যান। এ সময় রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী সরকার ভিডিও ও তথ্য সংগ্রহ করতে নিষেধ করেন। একপর্যায়ে তিনি ও তার ভাই নূর আলমসহ ৪/৫ জন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে মারপিট করে। পরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গত ৩১ মার্চ গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। মাহমুদ খান গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন।
এদিকে, এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।