খুলনায় এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান (এফসিএমএ) বলেছেন, রাজস্ব আদায়ে কোনোভাবেই অনিয়ম মেনে নেওয়া হবে না।  তিনি বলেন, আমরা শুধু নেব না, রাজস্ব আদায়ে একটা ন্যায্যতা নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাজেটবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক। 

এনবিআর চেয়ারম্যান বলেন, অনেকের সঙ্গে যোগসাজশে ভুয়া লাইসেন্স দিয়ে অনেকেই ব্যবসা করছে, রাজস্ব ফাঁকি দিচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই এসব অনিয়ম মেনে নেওয়া হবে না। কোনো ঝামেলা তৈরি করা যাবে না। পারলে পুরনো ঝামেলা মেটাতে হবে।

আবদুর রহমান খান আরও বলেন, এনবিআর সবার জন্য, জনকল্যাণে কাজ করবে। সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে। তিনি বলেন, দেশে করদাতার সংখ্যা বাড়ছে। আরও বৃদ্ধি করতে হবে।  এ ছাড়া রাজস্ব বাড়াতে নতুন নতুন ক্ষেত্র খোঁজা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, অনেকেই ছোটখাটো বিষয়ে বিদেশে প্রশিক্ষণ নিতে যান। কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছুই শিখতে পারেন না। শুধু বেড়ানো আর কেনাকাটা করেন। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থের অপচয় ও যথেচ্ছা ব্যবহার হয়, অন্যদিকে মূল উদ্দেশ্যও সাধিত হয় না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসকনীতি) মো. আজিজুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মো. মুবিনুল কবীর, রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব ও খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক।