নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করল চট্টগ্রাম কাস্টমস

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫১ এএম

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমান ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে থাকা ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট সকাল থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংসের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমটি নিরবচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

এনবিআর জানায়, ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ এবং ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন। এ ছাড়া পচনশীল ও নষ্ট হয়ে যাওয়া কমলা, পেঁয়াজ, কাজুবাদামসহ বিভিন্ন পণ্যও রয়েছে।

ধ্বংস কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে সহযোগিতা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ উদ্যোগ চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এসব পণ্য পড়ে থাকার কারণে পরিবেশ ও বন্দরের নিরাপত্তার ওপর যে ঝুঁকি তৈরি হয়, তা কমাতেও উদ্যোগটি সহায়ক হবে।

এনবিআর আরও জানায়, চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্য পর্যায়ক্রমে ধ্বংস করা হবে। এ কার্যক্রম জরুরিভিত্তিতে অব্যাহত রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত