জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী বাবর আলীর বিরুদ্ধে পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশ সদস্যের মায়ের মামলায় আটক আইনজীবীকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদস্যের মায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাত ৮টার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত বাবর আলী জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) জামালপুর জেলা শাখার সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদসহ একাধিক জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে জেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতে দায়িত্ব পালন শেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আইনজীবী সমিতি ভবনের পেছনের রাস্তা দিয়ে হেঁটে মেইন রোডের দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য মাহবুবুর রহমান।
এ সময় অ্যাডভোকেট বাবর আলী প্রাইভেট কার চালিয়ে যাওয়ার পথে পেছন থেকে ওই পুলিশ সদস্যকে চাপা দেন। এতে মাহবুবুর রহমান পা, বুক ও মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে গুরুতর আহত পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমানকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্য মাহবুবুর রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যের মা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।