কুষ্টিয়ায় সড়ক অবরোধ

ইবি শিক্ষক হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মিছিলসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মজমপুর গেটে শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

পরে বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভ সমাবেশে নিহতের স্বামী মামলার বাদী ইমতিয়াজ সুলতান ও তার বড় মেয়ে তাইবা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ইমতিয়াজের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছেন না পুলিশ। এ ছাড়া আসামিরা নানাভাবে তার পরিবারের লোকজনকে ভয় দেখাচ্ছেন। গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার অফিসকক্ষে খুন হন।