বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতার ডালপালা আরও বিস্তৃত হলো। ক্লাব ক্যাটাগরির দুই পরিচালকের পর এবার পদত্যাগ করলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় মনোনীত পরিচালক ও বোর্ডের লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
গতকাল বৃহস্পতিবার সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের বিষয়টি ইয়াসির ফয়সাল নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর ইয়াসির ফয়সাল বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছি। আজ (বৃহস্পতিবার) সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছি। এটি একদমই ব্যক্তিগত কারণে, এর বাইরে অন্য কিছু নেই।’ তবে তাকে মনোনীত করা সংস্থা এনএসসিকে তিনি এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাননি বলে উল্লেখ করেছেন। বিসিবিতে কাজের অভিজ্ঞতাকে ‘ভালো’ উল্লেখ করে তিনি ভবিষ্যতে সুযোগ পেলে আবারও ফেরার ইঙ্গিত দিয়েছেন।
ইয়াসির ফয়সালের এই সরে দাঁড়ানোর মধ্য দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে মোট তিনজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। যদিও বিসিবি সভাপতি বলেছেন, আগের দুই পরিচালকের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। তবে একের পর এক গুরুত্বপূর্ণ পজিশন থেকে পরিচালকদের সরে দাঁড়ানোয় বিসিবির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছিল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। প্রথমে ইয়াসির ফয়সালসহ দুজনকে মনোনয়ন দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে একজনকে পাল্টে রুবাবা দৌলাকে মনোনয়ন দেয়।
গত ১১ মার্চ সেই নির্বাচনের অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এই কমিটির। তদন্ত চলাকালীন এনএসসি মনোনীত পরিচালকের এই পদত্যাগ বিসিবির প্রশাসনিক অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। টানা তিন পরিচালকের পদত্যাগ এবং ঘরোয়া ক্রিকেটের সূচি বিপর্যয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিছুটা ‘বেকায়দায়’ পড়েছেন বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সময়মতো শুরু না হওয়ায় ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে।
এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। সভায় সশরীরে এবং অনলাইনে পরিচালকরা যুক্ত থাকবেন। ধারণা করা হচ্ছে, সভায় পদত্যাগপত্রগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে।