শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে নিল বাংলাদেশ। এরপর ছড়ি ঘুরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন আশরাফুল-আমিরুলরা। সহজ জয়ের পথে ছোটা দলের পথটা শেষ দিকে কঠিন করে তুলল চাইনিজ তাইপে, কিন্তু আটকাতে পারল না। রোমাঞ্চকর জয়ে এশিয়ান গেমস হকির বাছাই শুরু করল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার পুল ‘বি’র ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম; একটি করে গোল দ্বীন ইসলাম ইমন ও আমিরুল ইসলামের।
প্রথম কোয়ার্টারের চতুর্থ মিনিটে এগিয়ে যায় চাইনিজ তাইপে। এই কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টার বাংলাদেশ শেষ করে আশরাফুলের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে থেকে।
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে আমিরুল লক্ষ্যভেদ করলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ৫৯তম মিনিটে ইমন দলের চতুর্থ গোলটি করার পর মুহূর্তের মধ্যে দুই গোল হজম করে বসে দল। তবে শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দারুণ জয়ে ম্যাচসেরা হয়েছেন আমিরুল ইসলাম। খেলা শেষে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমরা ৩ পয়েন্ট পেয়েছি। লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ আগাব। আজ প্রথম ম্যাচ ছিল এবং জিততে পেরেছি। পরের ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে। পাশাপাশি খেলায় উন্নতি করব ইনশা আল্লাহ। ম্যান অব দ্য ম্যাচ হতে পেরে আমি অবশ্যই আনন্দিত। কবে এর পুরো ক্রেডিট আমার টিমমেটদের। কারণ, তারা আমাকে সাপোর্ট করছে। আর আমি চেষ্টা করছি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে এবার অংশ নিচ্ছে ৯টি দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।