চূড়ান্ত পথে স্কালোনির ‘মাস্টার প্ল্যান’

২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৭৫ দিন। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য পরীক্ষার সময় শেষ। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর সর্বশেষ প্রীতি ম্যাচগুলো শেষে এখন শুধু ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা ঘোষণার অপেক্ষা। মৌরিতানিয়ার বিপক্ষে ড্রয়ের অস্বস্তি কাটিয়ে জাম্বিয়ার বিপক্ষে জয় আলবিসেলেস্তে শিবিরে অনেকটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

এবারের ফিফা উইন্ডোতে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন ভ্যালেন্তিন বার্কো। স্কালোনির অধীনে মাত্র ৭০ মিনিট মাঠে থেকেই নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন এই তরুণ। স্কালোনি মনে করছেন, বার্কো হতে পারেন এবারের বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’, ঠিক যেমন ২০২২ কাতার বিশ্বকাপে ছিলেন এনজো ফার্নান্দেজ। রক্ষণের বাম প্রান্ত থেকে শুরু করে মাঝমাঠ পর্যন্ত বার্কোর বহুমুখী খেলার দক্ষতা তাকে স্কোয়াডের অন্যতম শক্তিশালী দাবিদার করে তুলেছে।

সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে মাঝমাঠে। স্কালোনি তার ‘গালা’ একাদশে রদ্রিগো ডি পলের বদলে লিয়ান্দ্রো পারেদেসকে সুযোগ দিয়েছেন। ইন্টার মায়ামিতে খেলা ডি পলের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে কোচের কপালে। অন্যদিকে, বোকা জুনিয়র্সে খেলা পারেদেসের ফিটনেস ও খেলার ছন্দে মুগ্ধ স্কালোনি। ডি পল স্কোয়াডে নিশ্চিত থাকলেও একাদশে নিজের অটো-চয়েস তকমাটি হয়তো হারাতে যাচ্ছেন।

মৌরিতানিয়ার বিপক্ষে গোল করা নিকো পাজ প্রায় নিশ্চিতভাবেই নিজের প্রথম বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন। তার দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা স্কালোনিকে মুগ্ধ করেছে। অন্যদিকে, তৃতীয় গোলরক্ষক হিসেবে ফাকুন্দো কামবেসেসের চেয়ে এগিয়ে গেছেন অভিজ্ঞ হুয়ান মুসো।

স্কালোনি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে, যারা চোটের কারণে এই উইন্ডোতে ছিলেন না। লাউতারো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেস, জিওভানি লো সেলসো, লিও বালের্দি এবং গনজালো মন্তিয়েল চোটে না পড়লে এই পাঁচজনের জায়গা প্রায় নিশ্চিত।

বিখ্যাত সংবাদ মাধ্যম ওলে’র দাবি, ২৬ জনের মধ্যে এই ২২ জনের জায়গা নিয়ে কোনো সংশয় নেই এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেস, লিও বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, হোসে লোপেজ ও নিকোলাস গনজালেজ।

বাকি চারটি জায়গার জন্য লড়াই করছেন : হুয়ান মুসো, মার্কোস আকুনিয়া, মার্কোস সেনেসি, ভ্যালেন্তিন বার্কো, লো সেলসো এবং মাস্তানতুয়ানো।

আগামী ১০ মে’র মধ্যে ফিফার কাছে প্রাথমিক তালিকা জমা দিতে হবে। স্কালোনি এখন কেবল প্রার্থনা করছেন যেন তার প্রিয় শিষ্যরা বড় কোনো ইনজুরিতে না পড়েন।