এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের অভিষেক আসরে থাইল্যান্ডের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। পিটার বাটলারের শিষ্যরা সাগরিকার জোড়ায় লিড নিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে মাঠ ছাড়ে। তবে হারের বিষাদের মধ্যেও উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে উঠেছেন স্ট্রাইকার সাগরিকা। এবার সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের দল।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ ও ৫০ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সাগরিকা। ৬৭ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখেছিল পিটার বাটলারের দল। কিন্তু এর পরই দৃশ্যপট বদলে যায়। রক্ষণভাগের ফুটবলারদের অনাকাক্সিক্ষত ভুলে পরপর দুটি পেনাল্টি উপহার পায় স্বাগতিক থাইল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরার পর ৭৯ মিনিটে জয়সূচক গোলটি আদায় করে নেয় তারা।
ম্যাচে জোড়া গোল করলেও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় প্রচেষ্টাকেই বড় করে দেখছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। বাফুফের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সাগরিকা বলেন, ‘প্রথম ম্যাচে আমি দুটি গোল করেছি, সত্যি খুব ভালো লাগছে। তবে টিম সাপোর্ট ছিল বিধায় এটা পেরেছি। সতীর্থরা বল সাপ্লাই দিতে না পারলে আমি গোল করতে পারতাম না। ম্যাচ হেরে যাওয়ার পর মনটা একটু খারাপ হয়েছিল, তবে আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’ হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি যোগ করেন, ‘দ্বিতীয়র্ধে যখন আমরা গোল হজম করি, তখন সবার মন-মানসিকতা একটু ডাউন হয়ে গিয়েছিল। আমরা কামব্যাক করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।’
সাগরিকার পারফরম্যান্সে মুগ্ধ কোচিং স্টাফও। সহকারী কোচ আবুল হোসেন তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সাগরিকা অসাধারণ করেছে। সে সব খানেই সুযোগ পেলে ভালো খেলে।’
তবে সামনের পথটা আরও কঠিন। শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন, যারা নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে। পয়েন্ট টেবিলের তিনে থাকা বাংলাদেশের জন্য এই ম্যাচটি টিকে থাকার লড়াই।
সহকারী কোচ আবুল হোসেন জানান, মানসিকভাবে কিছুটা ভেঙে পড়া মেয়েদের চাঙ্গা করতে কাজ করছেন তারা। বিশেষ করে রক্ষণের ভুলগুলো নিয়ে আলাদা করে কাজ করা হয়েছে। সাগরিকাসহ পুরো দলই এখন ইতিবাচক। সাগরিক বলেন, ‘চীনের বিপক্ষে আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ইনশা আল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরব।’