ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দিতে আরও সময় পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৯ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১ বারের মতো পেছাল।
গত ৬ জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এতে প্রধান আসামি করা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে। গত ১৫ জানুয়ারি এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। এর পরিপ্রেক্ষিতে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। অভিযোগপত্রভুক্ত ৬ আসামি এখনো পলাতক।
ঘটনার পর পালিয়ে যাওয়া আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গত ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করে। গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওসমান পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।