হামের প্রাদুর্ভাব উচ্চপর্যায়ের তদন্ত ও স্কুল বন্ধের নির্দেশনা

দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ ও এ রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী লুতফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আবেদনে বলা হয়েছে, সময়মতো হামের টিকাদান নিশ্চিতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাবের মধ্যে স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা জননিরাপত্তার প্রতি গুরুতর অবহেলা এবং জীবনের জন্য আসন্ন ঝুঁকি তৈরি করছে।

রিট আবেদনে টিকার ঘাটতি ও টিকাদানে ব্যর্থতা, প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ, স্বাধীন তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত নেওয়া পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি অবকাশ বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।