দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে দেশব্যাপী অভিযান চালিয়ে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌপুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইু তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌপুলিশের বিভিন্ন অভিযানে ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৬১০ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৬৬৪ কেজি মাছ, ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ ছাড়া নদী থেকে ৪৮৪টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।