ফ্ল্যাট দখলের মামলা

আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি গিয়াস কাদেরের ২ ছেলে

গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের মামলায় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেকে জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী। আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে আদেশ দেয়।

প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে এ মামলাটি করেন। অভিযোগে বলা হয়, আসামিরা জাল দলিল তৈরি করে গুলশান মডেল টাউন এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয়তলার সম্পূর্ণ ফ্লোর দখলের চেষ্টা করেন। গত বছর ১৪ জুলাই তারা ওই বাড়িতে প্রবেশ করে ফ্ল্যাটগুলোর তালা ভেঙে দখল করার চেষ্টা ও ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। গত ২৮ আগস্ট আবারও হামলা চালিয়ে বাসার লোকজনকে আহত করে ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণের জিনিসপত্র নিয়ে যান।