ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও এলোপাথারী কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ঈশ্বরদী শহরের সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে সূর্য সংঘ ক্লাবে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে লোমহর্ষক এই হত্যাকান্ডের ঘটনায় ঈশ্বরদীতে চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকান্ডের জন্য প্রতিপক্ষকে দায়ী করে বিভিন্ন পোষ্ট দিচ্ছেন বিএনপি নেতারা।