কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে একটি কুকুর একে একে অর্ধশতাধিক মানুষকে কামড়ায়। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে গিয়ে দেখা যায়, অনেক আহতের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছে। কেউ বাইরে বসে সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিচ্ছেন, আবার কেউ জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আহতদের স্বজনের ভিড়ে হাসপাতালজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর মাত্র এক ঘণ্টায় প্রায় ৩০ জন কুকুরের কামড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতরদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাসপাতালে থাকা ভ্যাকসিন শেষ হয়ে গেছে। অনেকেই বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিচ্ছেন। একসঙ্গে এত সংখ্যক কুকুরে কামড়ানো রোগী আগে কখনো আসেনি বলেও জানান তিনি।