জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মশিউর গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের শীর্ষ ‘সন্ত্রাসী’ মশিউর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেইট রেল বিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মশিউর রহমান সীতাকুন্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের কাজী গোলাম হাসানের ছেলে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, মশিউর রহমান সীতাকুন্ড থানার বিভিন্ন মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, অস্ত্র মামলাসহ ১০টি মামলার তথ্য পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মশিউর রহমান নগরের ২ নম্বর গেইট রেল বিট এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।