পেট্রোলপাম্পে তৃষ্ণার্তদের মধ্যে পানি-স্যালাইন বিতরণ

তীব্র তাপপ্রবাহ ও জ্বালানি সংকটের মধ্যে মাদারীপুরের শিবচরে একটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মানবিক উদ্যোগ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ মানুষদের মধ্যে বিস্কুট, স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করে প্রশংসা কুড়াচ্ছে শিবচরের এ.এইচ.কে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। জানা গেছে, বৈশ্বিক  প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব পড়েছে মাদারীপুরেও। কৃষি, পরিবহন ও ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন খাতে এর বিরূপ প্রভাব দেখা দিয়েছে।

কয়েকদিন ধরে চলমান তীব্র গরমে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবচরের এ.এইচ.কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আল্লাহদিত্তা খান শান্ত। তিনি তার মরহুম বাবা, সাবেক ডিআইজি আ. হাকিম খানের নামে প্রতিষ্ঠিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যানারে পাম্প সংলগ্ন স্থানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেন।

সেই ক্যাম্প থেকে তেল সংগ্রহে আসা মানুষদের মধ্যে বিনামূল্যে বিস্কুট, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এতে প্রচ- গরমে অপেক্ষমাণ মানুষেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন তারা।

পাম্প সূত্রে জানা যায়, গত ৩০ মার্চের পর ৩ এপ্রিল সকাল ৮টা থেকে পুনরায় তেল সরবরাহ শুরু হয়। এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ১৩ হাজার লিটার ডিজেল ও সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে যানবাহনের কাগজপত্র যাচাই এবং কৃষকদের কার্ড দেখে  তেল বিতরণ করা হচ্ছে।