বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১১ মাস পর বাংলাদেশির লাশ ফেরত

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে নিহতের প্রায় ১১ মাস পর আজিজুর রহমান  (৪৫) নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার  বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তরের করা হয়।

সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার ১১ মাস পর ভারতের হাসপাতালে মৃত্যু হয়েছে বাংলাদেশি দিনমজুর আজিজুর রহমানের (৪৫)। গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাতিজা সোহেল রানা গতকাল লাশ গ্রহণ করেন। আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার দুই মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে।

পারিবারিক ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার শাহানাবাদ সীমান্তের ৩৭৩/১-এস পিলারের কাছে ঘাস কাটতে গেলে আজিজুরকে ধরে নিয়ে যায় ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। নিহতের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, আটকের পর আজিজুরের ওপর নির্যাতন চালায় বিএসএফ। গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘ ১১ মাস ভারতের কারাগার ও হাসপাতালে কাটানোর পর গত সপ্তাহে তার মৃত্যু হয়।