মির্জা আব্বাস সিসিইউ থেকে কেবিনে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের স্বাস্থ্যের এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গতকাল শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল দেশ রূপান্তরকে বলেন, ধীরে ধীরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, তার ছেলে, মেয়েরা ও নাতিরা।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর গেলেন নজরুল ইসলাম খান : এদিকে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। তিনি অসুস্থ মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।