জেএমবি সন্দেহে ‘শিশু’কে হেফাজতে নিল সিটিটিসি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে জড়িত সন্দেহে এক ‘শিশু’কে হেফাজতে নিয়েছে পুলিশের বিশেষায়িত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রীতি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে শিশুটিকে হেফাজতে নেয়। তার সঙ্গে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুীর যোগাযোগ রয়েছে বলে জানা যায়।

জানা যায়, গত ৩১ জানুয়ারি জঙ্গি সন্দেহে রাজধানীর জিয়া উদ্যান থেকে গ্রেপ্তার করা হয় আহসান জহির খান নামের এক ব্যক্তিকে। তার তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে আরও চারজনকে গ্রেপ্তার করা সংস্থাটি। এই চারজনের মধ্যে দানিয়েল ও রাসেল ছাড়াও রয়েছেন বেলায়েত হোসেন ও তোফায়েল হোসেন তপু। ওই ঘটনায় শেরেবাংলানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। ওই মামলাতেই শিশুটিকে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে নেওয়া শিশু অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করতো। এছাড়া বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে জানা যায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।