তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ের তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের পুরনো কাঠামোতে আমূল পরিবর্তন করা প্রয়োজন। গতকাল শুক্রবার বিকেলে পাবনা জেলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যের অবাধ প্রবাহ এবং অপতথ্য রোধে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।’