বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা মানা হয়নি। রাজধানীর বিপণিবিতান থেকে ফুটপাত কোথাও তার বাস্তবায়ন নেই। নির্ধারিত সময়ের পরও অধিকাংশ দোকান খোলা রাখতে দেখা গেছে ব্যবসায়ীদের। এদিকে সরকারের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সকাল ৯টার বদলে বেলা ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখতে চায় তারা। গতকাল রাত ৮টার দিকে রাজধানীর মিরপুর, নিউমার্কেট, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানই খোলা রয়েছে। এ সময় কিছু দোকান বন্ধ থাকলেও সংখ্যায় তা ছিল হাতে গোনা।
অনেক ব্যবসায়ী জানান, ঈদপরবর্তী সময়েও বিক্রি ধরে রাখতে তারা দোকান খোলা রাখতে বাধ্য হচ্ছেন। তারা জানান, সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এলে তারা তা মেনে চলবেন। তবে সামনে পহেলা বৈশাখ থাকায় ব্যবসার কথা বিবেচনা করে মার্কেট বন্ধের সময় অন্তত রাত ৮টা পর্যন্ত নির্ধারণের দাবি জানিয়েছেন অনেকেই।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকেও সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময় কমানোর পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট ও শপিংমলসহ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি : সকাল ৯টার বদলে বেলা ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। গতকাল শুক্রবার সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।