স্বামীর মুখের দুর্গন্ধে অতিষ্ঠ নারীর থানায় অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পারভীন বেগম (৫০) নামের এক নারী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার তার স্বামী চেরাগ আলীর বিরুদ্ধে থানায় এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে পারভীন আক্তার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য অনুরোধ করে আসছিলেন। তবে বারবার মুখ পরিষ্কার করার অনুরোধ জানানোর ফলে স্বামী চেরাগ আলী উল্টো ক্ষিপ্ত হয়ে উঠতেন। এই বিষয়কে কেন্দ্র করে স্বামী তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এক পর্যায়ে মারধরও করেন।

বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চরম অশান্তি ও মানসিক যন্ত্রণা চলছিল। বর্তমানে স্বামীর মুখের এই তীব্র দুর্গন্ধের কারণে একই ঘরে একসঙ্গে বসবাস করাও তার জন্য চরম কষ্টকর ও অসহনীয় হয়ে পড়েছে। এ অবস্থায় সমাধানের জন্য এবং স্বামীর এমন আচরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন পারভীন আক্তার।

পারভীন আক্তার বলেন, আমার সংসারে শান্তির জন্য আমি থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পারভীন আক্তার নামে এক নারীর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।