দুই শিশুকে নির্যাতন

'ভাইরে, বড় ভাইগো, মারিস না' বলার পরও মন গলেনি মামুনের

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হৃদয়বিদারক এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশ নির্যাতনকারী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে অমানবিকভাবে নির্যাতন করছেন। এক পর্যায়ে একজন শিশুকে জোর করে পুকুরে নামিয়ে বারবার পানিতে চুবানো হয়। অপর শিশুকে পুকুরে নামাতে গেলে তাদের একজনের পায়ে ঝাপটে ধরে সে প্রাণভিক্ষা চেয়ে আকুতি জানালেও তাকে টেনে-হিঁচড়ে পানিতে নামিয়ে চুবানো হয়।

নির্যাতনের আরও ভয়াবহ চিত্রে দেখা যায়, শিশুদের গলা চেপে ধরে শূন্যে তুলে আছাড় মারতে মারতে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাদের পুকুরপাড়ের বাথরুমের নোংরা ও পঁচা পানি জোর করে খাওয়ানো হয়। এতে শিশুরা বমি করতে থাকে এবং বারবার চিৎকার করে প্রাণভিক্ষা চাইতে থাকে। এ সময় শিশুদের বলতে শোনা যায়, “ভাইরে, বড় ভাইগো, মারিস না।” এক পর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লেও নির্যাতনকারীদের কোনও দয়া দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি গত মাসের ২৭ তারিখ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় ঘটে। নির্যাতনের শিকার দুই শিশু সহোদর এবং তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাদের বাবা দিনমজুর এবং মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি এতদিন আইনি পদক্ষেপ নিতে সাহস পাননি।

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনার পর ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান পরিচালনা করে শনিবার রাত সোয়া দুইটায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।