শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে জনগণকে সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নিতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক—এ প্রতীকের পক্ষে গণসমর্থন দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তরুণ প্রজন্ম আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৯ এপ্রিলের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন।
জনসভায় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বক্তব্য তুলে ধরেন।