দেশের ক্রিকেটে বড়সড় পরিবর্তনের আভাস মিলেছে আজ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।
শনিবার মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই বোর্ড এই দুই ক্রিকেটারের ওপর আস্থা রেখেছে।
একই সভায় জাতীয় দলের জন্য আরও একটি বড় ঘোষণা এসেছে। টাইগারদের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে। এক বছরের চুক্তিতে তিনি শান্ত-মিরাজদের স্পিন বিভাগ নিয়ে কাজ করবেন।
প্রায় দেড় দশক আগে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেও, নানান সময়েই প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন রফিক। এবারের স্বাধীনতা দিবসেই যেমন, বিসিবি সবুজ দলের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালানোর পাশাপাশি বল হাতেও ৪ উইকেট নিয়েছেন কিংবদন্তি এই স্পিনার।
রফিকের এই লড়াকু মানসিকতা আলাদা করে নজর কেড়েছে বিসিবির। তাই দেশের স্পিনারদের তার কাছ থেকে শেখার সুযোগ করে দেওয়ার কথা বলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
“আপাতত এক বছরের চুক্তি। রফিকের যে বোলিং দেখি, যেখানেই খেলুক, আমাদের অনেকেরই মনে হয় যে, ও অবসর নেওয়ার মত না এখনও। সাধারণ একটা খেলায় মাঠের মধ্যে ওর যে ইনটেন্ট থাকে, আমাদের মনে হয়, জুনিয়র-ইন্টারমিডিয়েট, এমনকি সিনিয়র লেভেলের যারা আছে, তাদের সঙ্গে যদি রফিক কাজ করে, ওর কাছ থেকে যদি কিছু টিপস পায় তারা, খুব উপকারী হবে।”
নিয়োগের খবর শুনে রফিক প্রতিক্রিয়ায় বলেছেন, " প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম দিন আসলে তা বিশেষ হবেই। এই কাজটা আমি এতদিন ধরে চেয়েছিলাম সেটা পেলাম। আলহামদুলিল্লাহ আমি আমার কাজটা যেন সঠিকভাবে করতে পারি সেটাই পরিকল্পনা থাকবে।'
তিনি বলেন, 'কে এক নাম্বার বা কে দুই নাম্বার কিংবা বিশেষ এটা আসলে আমি ফলো করি না, বুঝিও না। আমাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা দেখবেন যে আমি সেটা ঠিকভাবে পালন করতে পারছি কি না।'
জাতীয় দলে দেশি কোচ নিয়োগ হচ্ছে এ নিয়ে রফিকের ভাষ্য, 'সবথেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (দেশিদের জাতীয় দলে যুক্ত করা)। আমি এখনই বলবো না বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, অনেক সিরিজ জিতবে। তবে পজিটিভ দিকটা হলো বিসিবি লোকালদের একটা মূল্যায়নের মধ্যে নিয়ে আসছে। যেটা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে।'