বিশ্ব অটিজম সচেতনতা দিবস, যা প্রতিবছর ২ এপ্রিল পালিত হয়, আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই অনন্য, আর সেই অনন্যতাই তার বিশেষত্ব। অটিজম একটি নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বা স্নায়বিক বিকাশজনিত অবস্থা। এর ফলে শিশুর যোগাযোগ, আচরণ ও সামাজিক মেলামেশায় ভিন্নতা সৃষ্টি হয়। অনেক সময় আমরা অজ্ঞতা ও ভুল ধারণার কারণে অটিজমসম্পন্ন শিশুদের অবহেলা করি, যা তাদের বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই বিশেষ দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। অটিজম কোনো রোগ নয় যে এটি সম্পূর্ণ নিরাময় করতেই হবে, বরং মনে করি এটি একটি ভিন্নধর্মী বিকাশ, যা বোঝা এবং গ্রহণ করা জরুরি। সঠিক শিক্ষা, থেরাপি ও পারিবারিক সমর্থন পেলে অটিজমসম্পন্ন শিশুরাও তাদের প্রতিভা বিকাশ করতে পারে এবং সমাজে অবদান রাখতে সক্ষম হয়। অভিভাবক, শিক্ষক ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে। আসুন, আমরা বৈচিত্র্যকে শ্রদ্ধা করি, সহমর্মিতা বাড়াই এবং অটিজমসম্পন্ন মানুষদের পাশে দাঁড়াই। কারণ একটি মানবিক সমাজ গড়তে সবার অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জয় পাল অর্ঘ
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়