ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি যৌথভাবে ব্যাংকাস্যুরেন্স পণ্য ও সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন। গত ২ এপ্রিল ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। গতকাল শনিবার ইবিএলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এত তথ্য জানানো হয়েছে।
এ উদ্যোগটি বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আর্থিক অন্তর্ভুক্তিকে বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য বীমা সেবাকে আরও সহজলভ্য করবে।
ব্যাংকাস্যুরেন্স উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সহজলভ্য আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সমন্বিত আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রকে আরও শক্তিশালী করা। ইবিএলের শক্তিশালী ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ে দক্ষতার সমন্বয়ে এই অংশীদারত্ব ব্যক্তি ও পরিবারের আর্থিক পরিকল্পনার সুযোগকে আরও সম্প্রসারিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইবিএল গ্রহকদের আরও উন্নত সেবা দিতে ধারাবাহিকভাবে আর্থিক পণ্যের পরিসর সম্প্রসারণ করে যাচ্ছে। অপরদিকে, শান্তা লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য ও উদ্ভাবনী জীবন বীমা পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।