ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

নিহতের মা ও স্বজনরা জানায়, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা ও শশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে মীমাংসার কথা ছিল। মিলন দুপুরে দাওয়াত খেতে বাড়ি থেকে রওনা হয়ে আদাখোলা ঈদগাহ মসজিদ পর্যন্ত গেলে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে মিলনের স্ত্রী রোজিনা বলেন, ‘মিলনের সঙ্গে অনেকের সঙ্গে শত্রুতা ছিল। আমার পরিবারের কেউ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত নয়।’

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা যাচাই-বাচাই চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।