এপ্রিলে তাপপ্রবাহের আশঙ্কা স্বস্তি দেবে কালবৈশাখীর বৃষ্টি

এপ্রিলকে বলা হয় বছরের উষ্ণতম মাস। এ সময় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকে। এপ্রিলের শুরুতেই তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দুটি কিংবা চারটি মৃদু থেকে মাঝারি এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের মতে, চলতি বছরের মার্চ মাসে তুলনামূলক বেশি তাপপ্রবাহ কম অনুভূত হলেও এপ্রিলের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। আবার কমার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে, যা মূলত প্রাক-বর্ষার বৈশিষ্ট্য বিশেষ করে কালবৈশাখীর প্রভাবে এ ধরনের বৃষ্টি হয়ে থাকে। যেমন সিলেট, ফেনী, রংপুরের কিছু এলাকা ও খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাবে আশপাশের অঞ্চলেও তাপমাত্রা কিছুটা কম থাকে।

তিনি আরও বলেন, এপ্রিল মাসজুড়ে কয়েক দফা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কিছু তীব্র আকার ধারণ করতে পারে। যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করা কঠিন, তবে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৯ এপ্রিলের মধ্যে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এরপর ১০ বা ১১ এপ্রিল থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্তমানে যেমন চুয়াডাঙ্গায় তাপমাত্রা প্রায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তা সাময়িকভাবে কমলেও মাসের পরবর্তী সময়ে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ রবিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এ ছাড়া বুধবার  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।