নির্বাচনের আগে নতুন ভোটার তালিকার দাবি ডিএসসিসি প্রশাসকের

আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেছেন, যারা স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন, কেবল তারাই এই শহরের ভোটার হবেন; অন্য কোথাও থেকে এসে ঢাকায় ভোট দেওয়ার সুযোগ আর থাকতে পারবে না।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা ও ছড়াকার আবু সালেহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ আহমেদ ঠাকুর প্রমুখ।

আবদুস সালাম অভিযোগ করে বলেন, ‘ঢাকা শহরের বাড়িগুলোতে যেখানে সাত-দশটি ভোট ছিল, সেখানে হঠাৎ করে ১৫০টি ভোট হয়ে গেছে। আমরা চাই, যেখানে থাকেন সেখানেই ভোটার হোন। ঢাকায়

থাকবেন না, ট্যাক্স দেবেন না অথচ এখানে ভোটার তালিকায় নাম রাখবেন, এটা হতে পারে না।’