শাহজালাল বিমানবন্দর

রানওয়ের লাইটে ত্রুটি, ১৫ মিনিট বন্ধ উড়োজাহাজ চলাচল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের একটি লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৫ মিনিট উড়োজাহাজের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

লাইন লাইট মূলত পাইলটদের বিমান ওঠানামার সময় সোজা পথে চলতে সাহায্য করে। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী লাইন লাইটে ত্রুটি দেখা দিলে রানওয়ে বন্ধ রাখতে হয়।

বেবিচক কর্মকর্তা বলেন, রাত পৌনে ৮টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার রানওয়েতে অবতরণের পর পাইলট দেখতে পান, রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের ছোট বাতিটি (লাইন লাইট) নির্ধারিত জায়গা থেকে ভেঙে বের হয়েছিল। পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে জানায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের রানওয়ে বন্ধ করা হয়।

তিনি বলেন, রানওয়ে বন্ধের সময় কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। ফলে বিমানটি নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ ছাড়া ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৭ ফ্লাইট এবং ঢাকা থেকে ওমানের মাসকাটগামী একটি ফ্লাইটের কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়ে। পরে রানওয়ের ত্রুটি দ্রুত ঠিক করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং রাত ৮টা ৬ মিনিটের পর পুনরায় উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম চালু হয়।