মির্জা ফখরুল বললেন

এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, কোনো এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ়, তখন স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। গতকাল শনিবার মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিন তার কাছে সেনা সদস্যরা এসে পরামর্শ চেয়েছিলেন। তিনি বলেছিলেন আপনারা অস্ত্র সমর্পণ করবেন না। এরপর তিনি দুই শিশুপুত্রকে নিয়ে ঢাকায় চলে যান। সেখান থেকে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি বলেন, তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল আতাউল গণি ওসমানীর নেতৃত্বে এ তেলিয়াপাড়া থেকেই আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ শুরু হয়।