চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার নিজস্ব পরিকল্পনা এবং ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তু’ (টার্গেট ব্যাংক) অনুযায়ী যুদ্ধের পথে অগ্রসর হচ্ছে। একইসঙ্গে তিনি খুব শিগগিরই ওয়াশিংটন ও তেলআবিবের জন্য একটি ‘বড় বিস্ময়’ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে থাকা ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকাটি একেবারেই নির্ভুল নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন সেতুতে হামলার যে হুমকি দিয়েছেন, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করাসহ সাম্প্রতিক সামরিক অভিযানগুলোতে আমেরিকার ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এমন অবাস্তব হুমকি দিচ্ছেন।
বিপজ্জনক বার্তা দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলি জান্তার জন্য আমাদের কাছে একটি বড় বিস্ময় জমা আছে। এটি প্রকাশের জন্য কেবল কিছুটা সময়ের অপেক্ষা। দক্ষিণ ইরানে তাদের বর্তমান আচরণ ঘটনাক্রমকে আমাদের অনুকূলে নিয়ে আসার সময়কে আরও ত্বরান্বিত করতে পারে।
অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ার বা ‘অপ্রতিসম যুদ্ধ’ কৌশলে ইরান যথেষ্ট পারদর্শী উল্লেখ করে তিনি জানান, শত্রুকে কীভাবে ক্লান্ত ও বিপর্যস্ত করতে হয় তা তেহরান ভালোভাবেই রপ্ত করেছে। তার মতে, স্বচ্ছ, দ্রুত এবং সহজ হামলার মাধ্যমে বিজয় অর্জনের যে কৌশল আমেরিকা গ্রহণ করেছিল, তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানি কর্মকর্তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। বিশেষ করে ‘বড় বিস্ময়’ বলতে ইরান কোনো উন্নত সমরাস্ত্র নাকি নতুন কোনো রণকৌশল বোঝাতে চেয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
সূত্র: আল-জাজিরা