রাশিয়ার গ্যাস কারখানায় আগুনে নিহত ৭

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলের একটি গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুনে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক। এ ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

বুধবার (২৬ আগস্ট) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, আগুনে মোট ১৫২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের রাশিয়ার অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য একটি জরুরি সেবা বিমান ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের পরিচয় দেয়। রুশ কোম্পানি সিবুর এবং চীনের তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে।

তবে কারখানাটির এখনো উৎপাদন শুরু হয়নি। উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল।

বড় শিল্প ও অবকাঠামো প্রকল্প নির্মাণে রাশিয়া প্রায়ই বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে। এসব প্রকল্পে চীনা নাগরিকদেরও ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আগুনের সঠিক কারণও তদন্ত করে বের করার চেষ্টা চলছে।

আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বছরে ২৩ লাখ মেট্রিক টন পলিথিন এবং ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত