সাংবাদিক-অ্যাথলেটসহ ১০০ জনের সম্পদ কেড়ে নিচ্ছে ইরান

বিদেশের মাটিতে বসে ‘শত্রুপক্ষকে সহায়তার’ অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে ইরান। তেহরানের প্রসিকিউটর অফিস সম্প্রতি এই কঠোর আদেশ জারি করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন খ্যাতিমান অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ এবং সাংবাদিক। বিশেষ করে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এবং ‘মানোতো’ টিভি চ্যানেলের সংবাদকর্মীদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান দীর্ঘদিন ধরেই এই দুটি সংবাদমাধ্যমকে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট থাকার দায়ে অভিযুক্ত করে আসছে।

প্রতিবেদনে নির্দিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা না হলেও জানানো হয়েছে যে, এই আদেশের আওতায় ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ৬৩ জন ব্যবস্থাপক ও কর্মী এবং ‘মানোতো’ চ্যানেলের ২৫ জন কর্মী রয়েছেন। এছাড়া বিদেশে বসবাসরত আরও ২৫ জন ইরানি নাগরিককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই ব্যক্তিরা বিভিন্ন উপায়ে, বিশেষ করে সাইবার স্পেস বা ইন্টারনেট দুনিয়ায় শত্রুর আক্রমণকে সমর্থন ও সহযোগিতা করে আসছিলেন। এরই প্রেক্ষিতে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক লেনদেনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরান সরকারের মতে, অভিযুক্তরা বিদেশের মাটিতে বসে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তবে এই সিদ্ধান্তের বিষয়ে অভিযুক্ত কোনো পক্ষ বা ব্যক্তির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা