মাদকের আসর থেকে মা-ছেলেসহ ১২ জন গ্রেপ্তার, অতঃপর কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকের আসর থেকে মা, ছেলে ও নাতিসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার নগর ভাউলাগঞ্জ এলাকার থেকে তাদের গ্রেপ্তার করার পর ঘটনাস্থলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের কারাদণ্ড দেন।

গ্রেপ্তার ও সাজাপ্রাপ্তরা হলেন নগর ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩), টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তোকির আলম (৩৪), টেপিগঞ্জ ইউনিয়নের কমল রায় (২৫), নীলফামারীর ডোমার উপজেলার হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২) ও বোদা উপজেলার রাগিব ইয়াচার (২২) ও মামুনুর রশিদ (৩০)।

এদের মধ্যে তহমিনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সেলিম মালিক জানান, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন এবং সেখানে নিয়মিত মাদকসেবীদের আসর বসত। গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করে আসামিদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে তহমিনা বেগমকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মাদকের বিরুদ্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান তিনি।