ট্রাম্পের হাসপাতালে ভর্তি নিয়ে গুঞ্জন, হোয়াইট হাউসের অস্বীকার

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালে ভর্তির গুঞ্জন ছড়িয়ে পড়ে। ৭৯ বছর বয়সি ট্রাম্পকে ম্যারিল্যান্ডের ‘ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে’ ভর্তি করা হয়েছে বলে দাবি করা হলেও হোয়াইট হাউস তা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল ব্যক্তিগত সময় (এক্সিকিউটিভ টাইম) বরাদ্দ ছিল। এরপর হোয়াইট হাউস থেকে ‘লিড’ ঘোষণা আসে, যার মানে প্রেসিডেন্ট জনসম্মুখে উপস্থিত হবেন না। এই হঠাৎ অনুপস্থিতি এবং বিশ্লেষক এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

গুজব ছড়ানোর পর হোয়াইট হাউসের র‌্যাপিড রেসপন্স টিম জানায়, যখন প্রেসিডেন্ট ১২ ঘণ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখন উন্মাদ লিবারেলরা পাগলামিপূর্ণ ষড়যন্ত্র আবিষ্কার করেছে। ভয় পাবেন না-প্রেসিডেন্ট ট্রাম্প নিজের দায়িত্বে আছেন।

যোগাযোগ পরিচালক স্টিভেন চুং বলেন, ট্রাম্প ইস্টার ছুটির সময়ও ওভাল অফিসে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। ওয়েস্ট উইংয়ের সামনে মেরিন সেন্ট্রির উপস্থিতি নিশ্চিত করে যে, তিনি ভবনের ভেতরেই আছেন এবং দায়িত্ব পালন করছেন।

ফ্যাক্ট-চেক এবং সংবাদমাধ্যম হাসপাতালের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখেনি। ফলে হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের বয়সকে কেন্দ্র করে জনমনে তার স্বাস্থ্য নিয়ে কৌতূহল রয়েছে সবসময়।

সূত্র: আল-জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট ইউকে