সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় সূত্রধর জীবন (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা পথচারীরা জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রবিবার (৫ এপ্রিল) সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সূত্রধর পাবনার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ডিপো থেকে তেল নেওয়ার জন্য পাবনা থেকে আসছিল একটি ট্যাঙ্কলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি থামালে একই দিক থেকে আসা ট্যাংকলরি ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী সঞ্জয় এবং রিপন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সূত্রধর নামে একজন নিহত হয়েছেন।