নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে সবুজ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাঁসাকোলা গ্রামের নান্নু মিয়ার বাড়ির পাশে ডোবা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়। দুই সন্তানের জনক সবুজ একই ইউনিয়নের রতনকান্দি সরকার পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জানা যায় বুধবার সবুজ বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেননি। শাহজাদপুর সার্কেলের এএসপি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে নিহত সবুজের লাশ হাঁসাকোলা গ্রামে একটি ডোবার মধ্যে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এদিন সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই কান্তি কুমার মোদক জানান, সবুজের স্ত্রী মিতু খাতুন পুলিশকে জানান, তার স্বামী সবুজ ভগঘুরে। সবুজের বিরুদ্ধে শাহজাদপুর থানায় চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।