চট্টগ্রামে ১৯ বছর আগে ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। এর মধ্যে প্রথম তিনজন কারাগারে থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দিন।
তিনি বলেন, একই রায়ে বিচারক পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরের জিইসি মোড়ে ‘সাফ’ নামের কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।