গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে হত্যাকান্ড, নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামে ছয়জনকে হত্যার অভিযোগে আনা হয়েছে। গতকাল রবিবার প্রসিকিউশনপক্ষে এ প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আজকে (গতকাল) প্রতিবেদন দাখিল করেছি। এখন অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষে শুনানি হবে।’
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন হাছান মাহমুদ, আওয়ামী লীগ সরকারের সময়ের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রসিকিউটর জানান, সম্প্রতি তারা ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পান। এতে সাক্ষী করা হয়েছে ৬২ জনকে। আসামি ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ ফিরোজ ও তৌহিদুল ইসলাম কারাগারে আছেন।