যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল নামে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসিংক্ট ৭৩ এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউর ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজু বুকে গুলিবিদ্ধ হন এবং অপরজনের পায়ে গুলি লাগে। খবর পেয়ে নিউ ইয়র্ক নগর পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে।