রাজধানীর খিলগাঁও তারাবাগ এলাকার একটি বাসা থেকে শাওন মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাওন মিয়া পেশায় প্রাইভেট কারচালক ছিলেন। গতকাল রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শাওনের বন্ধু মোহাম্মদ সাগর জানান, শাওন একজন প্রাইভেট কারচালক। দেড় বছর তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর তেমন বনিবনা হতো না। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। স্ত্রী বলত তোমার এত কম বেতনে কীভাবে চলব। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। চার মাস আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ নিয়ে মানসিক ডিপ্রেশনে ছিল। এরপর চার দিন হলো তার চাকরি চলে যায়। মানসিক টেনশনে নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, শাওন মিয়া খিলগাঁও উত্তর গোড়ানের ৩৮২/৫নং বাসার মৃত আবুল কালামের ছেলে। বর্তমানে খিলগাঁও তারাবাগ ১৫১/২/৩২নং বাসায় ভাড়া থাকতেন।
ডিএমপির খিলগাঁও থানার এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁওয়ের তারাবাগ এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শাওন মিয়া পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।