বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই।’ তিনি বলেন, ‘সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে ওঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
গতকাল রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। এর পরিবর্তে মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের আগামীর পথ চলার শক্তি।
মন্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা মনে করি সবাইকে সঙ্গে নিয়েই সব কাজ সম্পন্ন করতে হবে।