গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি পলাশ আহমেদ (৩৫) ও গোলজার রহমান (৩৪) নামের দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগারী ইউনিয়নের দীঘলকান্দি এলাকা থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পলাশ আহমেদ পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও গোলজার রহমান জামায়াতের রুকন।
জানা যায়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় আসেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে তারা ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেন। এ ঘটনায় ওই রাতেই পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় পলাশ আহমেদকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।