কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলম সরকারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ সোমবার (৬এপ্রিল) বাদ আছর সুন্দলপুর হাইস্কুল মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে সুন্দলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠান এবং জানাজায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, দাউদকান্দি উপজেলা বিএনপি নেতা আরিফ মাহমুদ, সালাউদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খোরশেদ আলম, লিয়াকত হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা মের্শেদ সরকার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের ধনগাজী সরকার বাড়ীর মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি আজ সোমবার ১১টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম মোর্শেদ সরকার স্ত্রী দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।